অবতক খবর,২০ জুলাই: কাঁচরাপাড়ায় করোনা সংক্রান্ত আতঙ্ক বাড়ছে। করোনা সংক্রমণ বাড়ছে এই সংবাদে মানুষ নিশ্চিতভাবে উদ্বিগ্ন। বিভিন্ন ওয়ার্ডে সংক্রমণ শুরু হয়েছে। ইতিমধ্যেই অবতক মারফত কাঁচরাপাড়ার মানুষ জেনে গিয়েছেন কিন্তু কোথায় কোথায় নির্দিষ্ট অঞ্চলে কোন কোন রোডে আক্রান্ত মানুষ তারা তা জানতে চাইছেন।

তবে বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেই কারণে এবং মানবিকতার স্বার্থে নির্দিষ্ট কোন কোন বাড়ি আক্রান্ত সেইসব নাম আমরা উল্লেখ করছি না। এতে আতঙ্ক আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ‌সামাজিক দায়বোধে এই বিষয়টি জানাতে আমরা অপারগ, আমাদের মার্জনা করবেন।

অন্যদিকে জানাচ্ছি যে পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনও সক্রিয় হয়েছে। আজ মন্ডল বাজার ও মোতিবাজার দুই প্রশাসনের পক্ষ থেকে সমগ্র বাজারটির স্যানিটাইজেশন করা হচ্ছে।

অন্যদিকে পৌর প্রশাসক সুদামা রায় জানান, ১৫ নং ওয়ার্ডের যে বাড়িতে সংক্রমণ শুরু হয়েছিল সেই বাড়িটি সম্পূর্ণ স্যানিটাইজেশন করা হয়েছে এবং ওই ওয়ার্ডের সংলগ্ন এলাকার যে অন্যান্য বাড়ি সেই বাড়িগুলিতেও স্যানিটাইজেশন করা হয়েছে।

১৬ নং ওয়ার্ডেও যে বাড়িটিতে করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিল সেই বাড়িটি এবং সংলগ্ন আরও কয়েকটি বাড়ি যাতে গোষ্ঠী সংক্রমণ না হতে পারে সেই বাড়িগুলিতেও স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে। এটি জানালেন প্রাক্তন উপ পৌরপ্রধান মাখন সিনহা।

এই স্যানিটাইজেশন প্রক্রিয়ায় মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত এটা বললে অত্যুক্তি হবে না। তারা বলছেন, ইট ইজ বেটার লেট দ্যান নেভার। তারা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছেন।