অবতক খবর :: রেজাউল করিম :: করোনা-ত্রাসের মধ্যে সরকারি উদ্যোগে সবুজায়ন প্রকল্প চলছে পুরোদমে। গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। চলবে ২১ জুলাই পর্যন্ত। গোটা ব্লক জুড়েই শুরু হয়েছে সবুজায়ন প্রকল্পের কাজ। মোটামুটি অনেকটাই এগিয়ে ফেলা হয়েছে। শনিবার কালিয়াচক-২ ব্লকে বৃক্ষ রোপন করে এই অর্থবর্ষে কর্মসূচি শেষ করা হল। এদিন বিডিও অফিসে বৃক্ষরোপন করা হয়। সামাজিক দূরত্বের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি গোটা ব্লক জুড়ে চলছে।

এদিন হাজির ছিলেন বিডিও সঞ্জয় ঘিষিং, যুব কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক পবিত্রা লামা, ব্লক যুব কল্যাণ দপ্তরের আধিকারিক দেবদুলাল সাহা-সহ অন্যান্যরা। জেলা যুব কল্যাণ দপ্তর ও বিবেক বাহিনী’র যৌথ উদ্যোগে এদিনের কর্মসূচি পালন করা হয়। সহযোগিতায় ছিল সংশ্লিষ্ট ব্লক দপ্তর। যুব কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক পবিত্রা লামা বলেন,‘করোনা আবহের মধ্যে আমাদের যথাসাধ্য সবুজায়নের কর্মসূচি পালন করার চেষ্টা করছি। গোটা ব্লক জুড়েই হয়েছে। হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লকে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি চলছে।’

কালিয়াচক-২ ব্লকের বিডিও সুঞ্জয় ঘিষিং বলেন,‘এদিন আমরা বিডিও অফিস চত্বরে প্রায় ৪০টি গাছের চারা মাটিতে লাগানো হল। অর্জুন, আকাশমণি, মেহেগণি-সহ বেশ কিছু প্রজাতির গাছ রোপন করা হল। করোনা আবহের মধ্যে বেশি কাউকে ডাকা হয় নি এদিনের কর্মসূচিতে। আমরা কয়েকজনই হাজির থেকে এই কর্মসূচির কাজ শেষ করি।’









