AABTAK KHABNAR,12 MARCH,সংবাদ প্রতিবেদন: প্রায় ২২ বছর পর আবারও চালু হতে চলেছে মুর্শিদাবাদ শহরের নসিপুর হল্ট স্টেশন। বৃহস্পতিবার স্টেশনটির পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে নসিপুর ও মুর্শিদাবাদ শহরজুড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের একাধিক আধিকারিক, সৌমেন মণ্ডল সহ স্থানীয় বাসিন্দারা। এদিন প্রথমে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ডিআরএমকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেন। পরে রেলওয়ের পক্ষ থেকেও বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সৌমেন মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়।

বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছিলেন। তিনি বলেন, ২০০৪ সালে রেল দপ্তরের পক্ষ থেকে এই স্টেশনটি তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মুর্শিদাবাদ বিধানসভা থেকে নির্বাচিত হওয়ার পর তিনি এলাকার মানুষের সেই দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতিই আজ বাস্তবায়নের পথে।

তিনি আরও জানান, ভবিষ্যতে মুর্শিদাবাদ জংশন দিয়েও শিয়ালদহ শাখার আরও কিছু ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে।
স্টেশনটি বন্ধ থাকার কারণে এতদিন নসিপুর এলাকার বাসিন্দাদের ট্রেন ধরতে জিয়াগঞ্জ বা মুর্শিদাবাদ স্টেশনে যেতে হত। নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
দীর্ঘ প্রতীক্ষার পর নসিপুরের রেল যোগাযোগের নতুন দিগন্ত খুলতে চলেছে। আর এই উদ্যোগের পিছনে বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের প্রচেষ্টা ও সদিচ্ছাকেই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন এলাকার মানুষ।