AABTAK KHABAR, 15 MARCH: হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিল অংশগ্রহণ করে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জী । তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২৫০-রও বেশি আসন জিতে আবারও সরকার গঠন করবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব নেবেন মমতা ব্যানার্জী । পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি ৩০ আসনের নীচে নেমে যাবে।

সভা থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -কে “জুমলাবাজ” বলে আক্রমণ করেন। ব্রিগেডের সভার পরদিনই নির্বাচন ঘোষণার সম্ভাবনা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যেভাবে “জুমলারাজ” চালাচ্ছে তাতে সবই পরিষ্কার। তাঁর অভিযোগ, নমিনেশন জমা দেওয়ার আগ পর্যন্ত এসআইআর-এর কাজ চলবে, তারপর কী হবে তা শেষ পর্যন্ত Supreme Court of India দেখবে।
এছাড়াও তিনি বলেন, গুজরাটে গুন্ডামির রাজনীতি করেই ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি । এখন সারা দেশে তাদের সমর্থকদের দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শ্রীরামপুরের সাংসদ আরও কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে “ওয়েস্ট প্রাইম মিনিস্টার” বলেও উল্লেখ করেন।
সাংসদ দাবি করেন, সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতি মাত্র ২ শতাংশ। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা সংসদ হলেও সেখানে প্রধানমন্ত্রীকে দেখা যায় না বলেও মন্তব্য করেন ।