অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :     হাওড়ার ১৭ নং ওয়ার্ডে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। এক কর্মীকে গুলি চালানো চেষ্টা। গুলি চালাতে গেলে এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ওয়ার্ডের বেলিলিয়াস রোডে একটি রক্তদান শিবির করা হয়েছিল। তৃণমূল কর্মী প্রেম সিং এর উদ্যোগে এই শিবির করা হয়। এসেছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি চলে যাবার পরই গন্ডগোল বাধে অন্য গোষ্ঠী শচীন জয়সওয়াল এর সাথে। তার অভিযোগ অরূপ রায় ঘনিষ্ঠ প্রেম সিং এর লোকজন তাকে মারার পরিকল্পনা করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে আসে বিশাল পুলিশ বাহিনী। প্রেম সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানান, এই ঘটনা বিজেপি কর্মীদের মদতে হয়েছে। তিনি একজন সমাজসেবী হিসেবে অনুষ্ঠানে গেছিলেন। বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা বলেই তাদের দাবি।

সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, এখানে গোষ্ঠী কোন্দলের কোনো বিষয় নেই। দুই কর্মীর ব্যক্তিগত ঝামেলা ছিল আর বিজেপি তার সুযোগ নিয়েছে। তবে দলে রিপোর্ট এলে এই নিয়ে আলোচনা হবে। তারপরে সেই মতো ব্যবস্থা নেবে দল।

সম্প্রতি হাওড়া সদরে যে টিএমসি গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রক্তদান শিবিরের সামনে আজকের ঝামেলা ও গুলি চালানোর চেষ্টার ঘটনা প্রমান করে এই দ্বন্দ্ব আরও কতটা বেড়েছে। তৃণমূল নেতৃত্ব কড়া হাতে তা নিয়ন্ত্রণ করতে না পারলে ঝামেলা আরো বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।