Aabtak Khabar,16 August: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে এক অন্যরকম চিত্র দেখা গেল নারায়নদাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস হাই স্কুলে। পতাকা উত্তোলন অনুষ্ঠানে শুধু বর্তমান ছাত্রছাত্রীরাই নয়, সামিল হয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররাও। এই বছর স্বাধীনতা দিবসের মূল দায়িত্বে ছিল ‘বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্ট’।
ভারতের প্রথম প্রাক্তন ছাত্র সংগঠন হিসেবে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে, মাত্র ২০ জন সদস্যকে নিয়ে। তাদের উদ্দেশ্য ছিল খুব সহজ: শিক্ষার প্রসার থেকে স্কুলের অসহায় ও দরিদ্র ছাত্রদের পাশে দাঁড়ানো। সেই ছোট উদ্যোগ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। সংগঠনটি শুধু আর্থিক সাহায্যেই সীমাবদ্ধ থাকেনি, শিক্ষার মান উন্নয়নেও তারা সক্রিয় ভূমিকা নিয়েছে।
শিক্ষকের অভাব পূরণে এগিয়ে এসেছেন প্রাক্তন ছাত্ররাই। যখন জানা গেল যে রসায়ন শিক্ষকের অভাবে পড়াশোনার ক্ষতি হচ্ছে, সংগঠনের প্রধান (সভাপতি) সুপ্রিয় সাহার নেতৃত্বে একজন প্রাক্তন ছাত্র চার মাস ধরে বিনা পারিশ্রমিকে ছাত্রদের রসায়ন পড়ান। তাদের এই উদ্যোগ শুধুমাত্র স্কুল প্রাঙ্গণে সীমাবদ্ধ নয়। পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতা শহরে প্রায় ১৫০টিরও বেশি গাছ লাগিয়েছে এই সংগঠন।
স্বামীজীর আদর্শে অনুপ্রাণিত সুপ্রিয় সাহা
সংগঠনের প্রধান (সভাপতি) সুপ্রিয় সাহা নিজে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিলেন। চাকরির সুবাদে বিদেশে যাওয়ার একাধিক সুযোগ এলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তাঁর কাছে দেশসেবাই প্রধান। সংবাদ মাধ্যমকে তিনি জানান, তিনি স্বামী বিবেকানন্দের দেখানো পথে চলতে চান। বর্তমানেও তিনি বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের পড়ান।
এই সংগঠনের সফলতার পেছনে আরও একজন মানুষের অবদান অনস্বীকার্য। সুপ্রিয় সাহার ছায়াসঙ্গী হিসেবে মৈনাক মিত্র এই সংগঠনের প্রতিটি প্রতিকূল মুহূর্তে তাঁর পাশে ছিলেন। বহু ঝড়-ঝাপটা পেরিয়ে আজ এই সংগঠন সাফল্যের চূড়ায়।৭৯তম স্বাধীনতা দিবসে এই সংগঠনের লক্ষ্য আরও বড়। শুধু রাজ্য নয়, সমগ্র দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে চায় ‘বাঙ্গুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্ট’।
Report By – Ayandeep Dutta
Written By – Ayan Chatterjee









