অবতক খবর,১৫ই আগস্ট: আজ ভারতবর্ষের ৭৪ তম স্বাধীনতা দিবস। এই ভারতবর্ষের স্বাধীনতা যে যথার্থ নয় সেই বিষয়ে আজ এপিডিআর-এর পক্ষ থেকে হালিশহর চৌমাথা বাজারে এবং সরকার বাজারে বক্তব্য রাখেন জয়গোপাল দে,সোমপ্রকাশ চক্রবর্তী, শান্তি পাল,সমীরণ,সৈকত এবং ত্রিদিব।
ভারতবর্ষ স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত করলেও আজ সাধারণ মানুষের মুক্তি ঘটেনি। তারা প্রতিমুহূর্তে পেটের দানাপানি জন্য লড়ছেন। কলকারখানা বন্ধ, লক্ষ লক্ষ কৃষকের আত্মহত্যার কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বক্তারা। তাদের প্রশ্ন,৭৪ বছরের এই যে স্বাধীনতার চেহারা তার কি আত্মত্যাগী শহিদর দেখতে চেয়েছিলেন? তারা মানবাধিকার কর্মী এবং মানুষের নিপীড়ন লাঞ্ছনার প্রতিবাদে এবং যেসমস্ত রাজনৈতিক বন্দীরা এখনো জেল খাটছেন পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে, তারা কারাগারে বন্দি রয়েছেন, তাদের মুক্তির দাবিতে সোচ্চার হন। তারা বিশেষ করে করোনায় আক্রান্ত,অসুস্থ অশীতিপর জনতার কবি ভারভারা রাওয়ের মুক্তি দাবি করেন।
আজ ভারতবর্ষের স্বাধীনতার স্বরূপ উন্মোচন এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিকে সামনে রেখে তারা করোনা সংক্রান্ত বিধিনিষেধকে মান্যতা দিয়ে হালিশহর চৌমাথা বাজার থেকে সরকার বাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করেন।









