Aabtak Khabar,19 July,অভিষেক দাস,মালদা:- সাধারণ পোস্টমাস্টার থেকে একেবারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইআইএস। তিন তিনটি জায়গায় চাকরি করেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামেনি পথচলা। এটি কোন সিনেমার কাহিনী নয়, বাস্তব এই কাহিনীটি মালদার অভিজিৎ চৌধুরীর। আইএএস, আইপিএস এবং আইআইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যায় খুব কম। পরপর একাধিক চাকরি পেয়েও লক্ষ্য হার মানেনি তার কাছে। স্বপ্ন ছিল একদিন কোন উচ্চ আধিকারিক হয়ে দেশের জন্য কাজ করার।

তবে পরিবারের আর্থিক অনটনের ফলে সেই স্বপ্নের লক্ষ্য আটকে ছিল মাঝপথে। অবশেষে প্রায় ১৩ বছর পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদার প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর।

মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয়ে গণ জ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার সুযোগ হয় তার। তবে সেটি স্বপ্ন ছিল না তার।

বিগত দিনে পোস্টমাস্টার, আদালতে পেশকার এবং বর্তমানে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর। প্রায় তিনটি জায়গায় কাজ করার পর অবশেষে আজ প্রায় ১৩ বছর পর উচ্চ আধিকারিক হ‌ওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে তার। তার এমন সাফল্যে খুশির হাওয়া দেখা দিয়েছে পরিবার সহ গোটা গ্রাম জুড়ে।

গ্রাম নয় রাজ্য থেকে এবারের একমাত্র আইআইএস হতে চলেছে মালদার প্রত্যন্ত গ্রামের অভিজিৎ চৌধুরী। তার এমন সাফল্যে খুশির হাওয়া গ্রাম সহ জেলা জুড়ে।