অবতক খবর , উত্তর দিনাজপুর :     লকডাউন এর খবর সংগ্রহ করতে গিয়ে এক ব্যবসায়ীর হুমকির শিকার হলো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বুধবার ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকার ঘটনা।

অভিযোগ, ওই এলাকার মাটিকুন্ডা বাজারের একাধিক দোকান খোলা রয়েছে ।সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বাজারের দোকান পাট খোলা আছে সেই ছবি করতে গেলে তুশার দে নামে এক স্টুডিও ব্যবসায়ী সাংবাদিকদের মারার হুমকি দেয়। এবং অকথ্য ভাষায় গালাগালি করে। সেসময় সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয় এবং তাদেরকে উদ্দেশ্য করে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সংশ্লিষ্ট বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহবুব আলমের কাছে অভিযোগ জানানো হয়। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অবিলম্বে দোকান বন্ধ করার পাশাপাশি তার ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে ।এ বিষয়ে বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকরা ইসলামপুর থানায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সদস্যরা।