অবতক খবর,১২ জুন: বারংবার খবরের শিরোনামে উঠে আসে কল্যাণী জে এন এম হাসপাতাল। কখনো অব্যবস্থা,কখনো ডায়ালিসিস বিভাগের অচলাবস্থা,আবার কখনো সু চিকিৎসার জন্য চর্চিত এই সরকারি হাসপাতাল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে একাধিকবার এই হাসপাতাল গন্ডগোলে জড়িয়ে পড়েছে। এবারও তাই হল। ঘটনা বিস্তারে জানা গেছে,গত শনিবার বিষ পান করা এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোর সাড়ে তিনটে নাগাদ তাকে ডায়ালিসিস দেওয়া হয়।
ডায়ালিসিস দেওয়ার পর বাড়ির লোক ছাড়াই স্যালাইন,ক্যাথিড্রাল সহ তাকে ছেড়ে দেওয়া হয়। তিনতলার ডায়ালিসিস বিভাগ থেকে হাঁটতে হাঁটতে ওই যুবক নিচে চলে আসে। এমনকি মেইন রাস্তার কাছাকাছি চলে আসে কল্যাণীর বাসিন্দা ওই যুবক। এরই মধ্যে বেশ কয়েকবার পড়ে যায় সে।
অভিযোগ, কর্মরত সিকিউরিটি তাকে ধরেনি। মেইন রাস্তার কাছাকাছি পড়ে যাওয়ার পর ভোর ছটা নাগাদ স্থানীয়রা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
আর এর পরই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবার পরিজনেরা।
সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি।









