অবতক খবর,২৬ সেপ্টেম্বর: বহরমপুরের গোরাবাজারের অসংগঠিত শ্রমিক রফিক সেখ-এর একমাত্র কন্যা শিশুকন্যা করিশমা খাতুন(১০) গত ২২শে মে দুপুর আড়াইটে নাগাদ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে জানা যায়, তার কন্যাকে তার শ্বাশুরি চুপ করে নিয়ে গিয়েছে এবং তাদের বাড়িতে রেখে দিয়েছে। রফিক সেখের স্ত্রী ২০১৯ সালে মারা গিয়েছেন। তাই মেয়েকে সে মা ও বাবা উভয়ের স্নেহ দিয়ে মানুষ করছিলেন। শিশুকন্যা করিশমা খাতুন গোরাবাজার শিল্প মন্দির গার্লস প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী। রফিক সেখকে তার শিশুকন্যার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। শিশুকন্যার জন্য রফিক সেখ ভীষণ কান্নাকাটি করছেন।
রফিক সেখ সমস্ত ঘটনা মুর্শিদাবাদ জেলার ‘কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন আ্যকশন (ক্যামেলিয়া)’ সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিশু বিচার বোর্ডের সদস্য সুজিত কুমার দাসকে জানান। সুজিতবাবু তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গ সরকারের ‘চাইল্ড প্রোটেকশন আ্যন্ড কেয়ার’ আইনে উক্ত শিশুটির উপযুক্ত সুরক্ষা ও যত্নের বিষয়ে গুরুত্ব দেবার উদ্দেশ্যে রফিক সেখের বক্তব্য অনুযায়ী ‘ক্যামেলিয়া’ সংস্থার পক্ষে মুর্শিদাবাদ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, মুর্শিদাবাদের জেলা শাসক ও বহরমপুর সদর মহকুমাশাসকের কাছে আবেদন জানিয়েছেন। আশা করা যায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন সত্তর ব্যবস্থা গ্ৰহন করবেন।









