অবতক খবর,৫ সেপ্টেম্বর,উত্তর ২৪ পরগণা: গতকাল শনিবার গভীর রাত্রে বাংলাদেশ থেকে এক পাচারকারী সোনার বিস্কুট নিয়ে ভারতে ঢোকার সময়, ১১২,নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তারপর বিএসএফ তার কাছে যেতেই সোনার বিস্কুটের প্যাকেট ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া প্যাকেট থেকে উদ্ধার হয়েছে ২৪ পিস সোনার বিস্কুট, ওজন ২ কেজি ৬০০,গ্রাম।
এই সোনার বিস্কুট গুলির বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে।
সোনার বিস্কুট গুলো বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে ঢুকছিল। ১১২, নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সোনার বিস্কুট গুলো ঘোজাডাঙ্গা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোন পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে বিএসএফ ।
সীমান্তরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান মালয়েশিয়া, মায়ানমার হয়ে এই সোনার বিস্কুট গুলো ভারতের বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল।









