অবতক খবর,১৪ সেপ্টেম্বর: আগামী ১৭ই সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত বিজেপির পক্ষ থেকে চলবে ‘সেবা এবং সমর্পণ অভিযান।’
গোটা ব্যারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে এই অভিযান চলবে। এই অভিযানে ব্যারাকপুর সাংগঠনিক জেলায় কোন বিধানসভায় কারা দায়িত্ব পেয়েছেন তার একটি তালিকা প্রকাশ করেছে বিজেপির উচ্চ নেতৃত্ব।

সেখানে দেখা যাচ্ছে, বীজপুরের দায়িত্ব পেয়েছেন বিট্টু জয়সওয়াল এবং দেবাশীষ(রাজা) দত্ত। আর এই তালিকা প্রকাশের পর এই ক্ষোভে ফেটে পড়েছেন বীজপুরের বিজেপির নেতা কর্মীরা। এমনিতেই ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বীজপুরে বিজেপি কার্যত ঘরে ঢুকেই বসে আছে।

আর বাইরে যাদের দেখা যাচ্ছে তারা বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করে ফেলেছেন। সুতরাং বীজপুরে বিজেপি দলটির যে কোন অস্তিত্ব নেই, তা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। তবুও কিছু এমন মানুষ রয়েছেন যারা আগাগোড়া বিজেপি। কোনরকম পরিস্থিতিতেই তারা দল ত্যাগ করেননি বা দলকে অসম্মান করেননি। 
এমনিতেই বীজপুরে বিজেপির দুরাবস্থা। তার ওপরে এইরকম একটি তালিকা প্রকাশের পর ক্ষোভে ফেটে পড়েছেন ওই হাতে গোনা কয়েকজন বিজেপি কর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অমিত মন্ডল(হীরা) এবং বীজপুর মন্ডলের প্রাক্তন প্রেসিডেন্ট সমর দাস। এ তালিকা প্রকাশিত হওয়ার পর তারা বলছেন, এই বিজেপি দলের এখন আর কোন নীতি আদর্শ নেই। এটি কামাইবাজির দল হয়ে দাঁড়িয়েছে। আর যে তালিকা প্রকাশিত হয়েছে, সেটি কামাইয়ের জন্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ যারা দুর্নীতি বাজ গুন্ডা দুষ্কৃতী তাদের নাম রয়েছে এই তালিকাতে।

তারা জানান যে বিজেপি দল পুরনো কর্মীদের সম্মান করতে জানে না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন খুব শিগগিরই এই দল ত্যাগ করবে । আগামী ২০২৪-এ বাংলায় বিজেপি নামক কোন দল থাকবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে বলে তারা জানান ।









