অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : বন্ধ ঘর থেকে উদ্ধার এক বৃদ্ধের পচা গলা মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাজিরগঞ্জ তদন্তকেন্দ্র এলাকার হাঁসখালি পোল এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে লক্ষীনারায়ন দত্ত(৭০) নামে ওই বৃদ্ধের বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। স্থানীয় বাসিন্দারা স্থানীয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের খবর দেয়। পুলিশ এসে ওই ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। সেটিকে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

অন্যদিকে, স্থানীয় সূত্রে খবর দুদিন আগে ওই বৃদ্ধকে শেষ দেখা যায় ওই এলাকায়। লক্ষী নারায়ন বাবু ওই বাড়িতেই একাই থাকতেন। তার স্ত্রী এবং ছেলে আগেই মারা গিয়েছেন। একমাত্র মেয়ে বৈবাহিক সূত্রে রায়পুরে থাকে। তিনি মাঝেমধ্যেই মেয়ের কাছে ও যেতেন।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তিনি বি এস এন এলের অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন। এর পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এলাকার মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবেই পরিচিত ছিলেন। এই ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেরিব্রাল স্ট্রোক হওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।









