অবতক খবর :: উত্তর দিনাজপুর ::     বিদ্যালয়ের পরিত্যক্ত ঘরে আগুন লাগানোর পাশাপাশি বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে একাধিক গাছ কেটে দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। শনিবার রাতে চোপড়া থানার অন্তর্গত ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁচনা ডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুসারে, আগুন দেখে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেছিল কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। ঘটনাটি জানানো হয় স্থানীয় লাল বাজার পুলিশ ফাঁড়ি ও চোপড়া প্রশাসনের কাছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ খবর পেয়ে ইসলামপুরের একটি ফায়ার ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিদ্যালয় কতৃপক্ষ অবশ্য এই ঘটনার পর চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, যারা এই আগুন লাগানো ও গাছ কাটা ইত্যাদির ঘটনা করেছে তাদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দিতে হবে। স্থানীয় বাসিন্দা ভগিন মহম্মদ এবং বিশ্বজিৎবাবুরা জানান,রাতের অন্ধকারে কে বা কারা এসব করেছে এটা পরিষ্কার নয়। তবে এর সঠিক তদন্ত প্রয়োজন। পরিত্যক্ত বিদ্যালয় ভবনের ভেতরে কিছু ভুট্টার শুকনো গাছ রাখা ছিল। তার জন্য আগুন আরও তীব্র হয়ে ওঠ পুলিশ এবং ফায়ার ব্রিগেড পুরো বিষয়টি তদন্ত করছে এবং পুলিশ দুর্বৃত্তদের খুঁজছে।