অবতক খবর,৩১শে জুলাই: আজ দুপুরে ঘোষপাড়া রোডে এক ব্যবসায়ীকে গুলি করে পালালো দুজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে কল্যাণীর রথতলা সংলগ্ন বিধানপল্লী অঞ্চলে।মৃত ব্যবসায়ীর নাম চন্দন দাস(৩৭)। কল্যাণী বিধানপল্লী বাস স্ট্যান্ডের বিপরীতে তাঁর প্লাইউডের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল পৌনে চারটে নাগাদ দুজন অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে এসে ওই ব্যবসায়ীর দোকানের সামনে দাঁড়ায়। বাইক থেকে এক যুবক নেমেই চন্দন বাবুকে গুলিয় করে এবং সঙ্গে সঙ্গেই বাইকে চেপে চম্পট দেয়। গুলি লাগার পরেই মাটিতে লুটিয়ে পড়েন চন্দন বাবু। সেই সময় ছুটে আসেন তার  ভাই। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে স্থানীয়রা জানান, মৃত চন্দন দাসেরা তিন ভাই। এক ভাই অনেকদিন আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরেক ভাই সম্প্রতি বিয়ে করেছিলেন। কিন্তু পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। তারপর থেকে দুই ভাই বাড়িতে একাই থাকতেন এবং স্থানীয়দের সঙ্গে মেলামেশাও করতেন না। ফলে এই হামলার পিছনে কে বা কারা জড়িত তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।