অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া : পুজোর মুখে পুনরায় চালু হতে চলেছে হাওড়ার মঙ্গলা হাট। জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে পরপর দুটি শনিবার রাত ন’টা থেকে পরের দিন সকাল ছয়টা পর্যন্ত শর্তসাপেক্ষে হাটে বেচাকেনার অনুমতি দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মঙ্গলা হাট চত্বরে থাকবে পুলিশের কড়া নজরদারি।

উল্লেখ্য প্রায় চার মাস বন্ধ থাকার পর বেশ কিছুদিন ধরেই মঙ্গলা হাট এর বিভিন্ন ব্যবসায়িক সংগঠন হাট চালু করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয় এবং জেলাশাসককে স্মারকলিপি জমা দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলা হাটে ছোট ছোট ব্যবসায়ীদের জীবন এবং জীবিকা জড়িয়ে থাকার কারণে শর্তসাপেক্ষে হাটখোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে এখনই ফুটপাতের বিক্রেতাদের বসার কোনো অনুমতি দেওয়া হচ্ছে না। দুটি শনিবারের পর জেলার কোভিড কমিটি পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।









