অবতক খবর,২০ ডিসেম্বর: প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ।কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমনকি মহিলাদের ফেলে মার। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা।

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গেছে এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে চার বিঘা জমি। যে জমি স্থানীয় কিছু বাসিন্দা ১৯৭৮ সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষ করছেন।

কিন্তু অভিযোগ এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্য ভাবে তৃণমূল আশ্রিত কিছু জমির মাফিয়ার কাছে বিক্রি করে। তারা প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তারপরেই কার্যত রনক্ষত্র হয়ে উঠে পরিস্থিতি।