অবতক খবর, নদীয়া :     অযোধ্যায় রাম মন্দিরের ভিত পূজো অথচ রামায়ণ রচয়িতার পুণ্যভূমির মাটি যাবে না ? রবিবার ২রা জুলাই সারাদিন ধরে কৃত্তিবাস ওঝার জন্মভিটা থেকে শুরু করে বৈষ্ণব দার্শনিক এবং ধর্মবেত্তা অদ্বৈতাচার্য, বৈষ্ণব ধর্মের বিশিষ্ট প্রবক্তা এবং সমাজ সংস্কারক শ্রীচৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য বাবলা, শান্তিপুরের বিভিন্ন প্রান্তের মৃত্তিকা এবং পুণ্যভূমি শান্তিপুরে প্রবাহিত গঙ্গার জল কলসিতে সংরক্ষণ করে রাত্রি নটা নাগাদ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলো বি.জে.পি শান্তিপুর শাখার টাউন ওয়ানের ৫ জনের প্রতিনিধি দল।


বি.জে.পির শান্তিপুর টাউন ওয়ানের সভাপতি বিপ্লব কর জানান, “রাণাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার রাজনৈতিক বিশেষ কাজে দিল্লিতে গিয়েছেন, আমরা শান্তিপুর বিজেপির পক্ষ থেকে শ্রীভূমি শান্তিপুরের মাটি এবং কলসিতে গঙ্গার জল নিয়ে পৌঁছে যাবো অযোধ্যায়। হিন্দুধর্মের দীর্ঘ লড়াইয়ের ফলে পুনরায় অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হতে চলেছে, যার ভূমি পূজো উপলক্ষে উপস্থিত থাকবেন স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি।

আমরা মনে করি, রাম মন্দির নির্মাণের যে লড়াই চলছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশে অবসান হয়েছে। এ লড়াই আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ লড়াই, তার জন্য আমরা আজ ভীষণ খুশি। তাছাড়া ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের জন্য যেভাবে লড়াই করে চলেছে এবং সাফল্য অর্জন করেছে। সেভাবেই অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজোর আনন্দে সারাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ গর্বিত ও আনন্দিত”।