AABTAK KHABAR, 17 MARCH: শাসক দলের দুর্নীতি ও উন্নয়নের অভাবকে হাতিয়ার করে আজ থেকেই ময়দানে নামছেন বিজেপি প্রার্থী।নৈহাটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল ভারতীয় জনতা পার্টি। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়কে। নাম ঘোষণা হতেই জয়ের ব্যাপারে ব্যাপক আত্মবিশ্বাস দেখিয়েছেন তিনি।
প্রার্থিতা পাওয়ার পর সুমিত্র চট্টোপাধ্যায় জানান, তাঁর লড়াই মূলত শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, “সাধারণ মানুষ শাসক দলের কাজে বীতশ্রদ্ধ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে স্থানীয় স্তরের সিন্ডিকেট রাজ—সবই মানুষ প্রত্যক্ষ করেছেন।” তিনি আরও জানান যে, এলাকার থমকে যাওয়া উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সময় নষ্ট না করে আজ থেকেই জনসম্পর্ক অভিযানে নেমে পড়ছেন সুমিত্রবাবু। তাঁর মতে, মানুষের ঘরের দরজায় পৌঁছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনাই হলো মন জয়ের সেরা উপায়। সাহিত্যসম্রাটের পরিবারের সদস্য হওয়ার কারণে এলাকার মানুষের সাথে তাঁর একটি আত্মিক যোগাযোগ রয়েছে, যা ভোটের বাক্সে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।









