অবতক খবর :: নদীয়া ::     নদীয়ার কল্যাণী থানার বসন্তপুরে করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা সকাল ন’টা থেকে বেলা ১২.০০ পর্যন্ত কল্যাণী এইমসের সামনের রাস্তা অবরোধ করে রাখে।

অবরোধকারীদের অভিযোগ, কল্যাণীর কোভিড হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের না জানিয়ে বসন্তপুর কবরখানায় ওই ব্যক্তিকে গতরাতে কবর দেওয়া হয়। খবর চাউর হয়ে যাওয়ায় সকাল থেকেই এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে দীর্ঘ সময় ধরে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হয়।