অবতক খবর , নদীয়া :     গতকাল ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি বাধা নিষেধ বা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হয়েছে অনেক জায়গায়ই, কিন্তু পুলিশি হস্তক্ষেপে লক্ষ করা যায়নি নদীয়ার অন্য কোন প্রান্তে। কিন্তু নদীয়া জেলার সুভাষপল্লীর এলাকায় নিউ সংহতি সংঘের দীর্ঘ ১০০ মিটার তেরঙ্গা পতাকা নিয়ে পদযাত্রায় বাধা দেয় রানাঘাট থানার প্রশাসন।

প্রসঙ্গত ওই এলাকার নিকটবর্তী ছয় জন করোনা আক্রান্ত হওয়ায় এলাকার সাধারন মানুষের স্বার্থেই এই হস্তক্ষেপ বলে জানা যায় প্রশাসনিক সূত্রে, এমনকি অত বড় পতাকা নিয়ে যাওয়ার জন্য প্রকৃতপক্ষেই বেশ কিছু মানুষের সমাগম হওয়াটাই স্বাভাবিক কিন্তু এ বিষয়ে প্রশাসনের অনুমতি প্রয়োজন ছিল বলে মনে করেন একশ্রেণীর মানুষ।

অন্যদিকে এলাকার উদ্যোগীদের কাছ থেকে জানা যায় তারা সুশৃংখলভাবে পারস্পরিক দূরত্ব বজায় রেখেই সামিল হয়েছিলেন। সামনের সারিতে অংশগ্রহণকারী কিছু বিজেপি কর্মী-সমর্থককে দেখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পুলিশকে দিয়ে এ কাজ করিয়েছে।

অংশগ্রহণকারীরা পুলিশের পতাকা ছেঁড়া, এবং শারীরিক লাঞ্চনার দাবি নিয়ে ক্রমাগত সংগঠিত হতে থাকে অন্যদিকে প্রশাসনও কঠোর হতে থাকে ক্রমাগত। অবশেষে অংশগ্রহণকারীরা স্বাধীনতা পালন থেকে বিরত থাকতে বাধ্য হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপান উতোর অব্যাহত।