AABTAK KHABAR: ধর্মঘট সমর্থন করাকে কেন্দ্র করে ইসলামপুর হাই স্কুলে এক শিক্ষককে মারধর ও জাতিগতভাবে অপমান করার অভিযোগ উঠল স্কুলের হেডমাস্টার ও ম্যানেজিং কমিটির সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শিক্ষকরা।
অভিযোগকারী শিক্ষক দীপক কুমার মাহাতো জানান, তিনি ইসলামপুর হাই স্কুলের সহকারী শিক্ষক। তাঁর দাবি, ধর্মঘট সমর্থন করায় বৃহস্পতিবার স্কুলে অনুপস্থিত ছিলেন তিনি। শুক্রবার স্কুলে গেলে হেডমাস্টারের ঘরের সামনে ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কিছু আলোচনা চলছিল। সেই সময় আচমকাই তাঁকে গালিগালাজ করা হয় এবং জাতি তুলে অপমান করা হয় বলে অভিযোগ।দীপক কুমার মাহাতোর অভিযোগ, ম্যানেজিং কমিটির সদস্য দেবাশীষ মজুমদার তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে হেনস্থা করেন।
এই ঘটনায় হেডমাস্টার মোহাম্মদ সেলিম উদ্দিন আহমেদও তাঁকে সমর্থন করেন বলে দাবি তাঁর। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ ছড়ায়। শিক্ষক নেতা গৌতম বর্মন জানান, একজন শিক্ষক ধর্মঘট সমর্থন করতেই পারেন, এটি তাঁর গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই কারণে একজন তপশিলি উপজাতি সম্প্রদায়ের শিক্ষককে জাতিগতভাবে অপমান করা এবং শারীরিকভাবে নিগ্রহ করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন চলবে। এই দাবিতে শিক্ষকরা ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।









