অবতক খবর,২ মার্চ: রাজ্যে ১০৮ পুরসভাতেই জোড়াফুল ঝড়। বিরোধীদের পর্যুদস্ত করে নিরঙ্কুশ আধিপত্য নির্বাচনে দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। এরইমধ্যে চারটি পুরসভার ফলাফল ত্রিশঙ্কু (Hang Result) হয়েছে। অর্থাৎ, এই চার পুরসভার কোনওটিতেই এককভাবে বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দল। এই চার পুরসভার মধ্যে রয়েছে হুগলির চাঁপদানি, পূর্ব মেদিনীপুরের এগরা, মুর্শিদাবাদের বেলডাঙা এবং পুরুলিয়ার ঝালদা।
হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি ১১ আসনে জিতেছে। নির্দল প্রার্থীরা জিতেছেন ১০ আসনে। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে ১ আসনে।
পূর্ব মেদিনীপুরের এগরায় ১৪ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে সাতটি ওয়ার্ডে। বিজেপি জিতেছে ৫ টি ওয়ার্ডে। কংগ্রেস ও নির্দল জিতেছে একটি করে ওয়ার্ডে।
মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভাতেও কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই পুরসভায় তৃণমূল কংগ্রেস ৭ আসনে জিতেছে। বিজেপি জিতেছে ৩ ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা জিতেছেন ৪ আসনে।
পুরুলিয়ার ঝালদা পুরসভায় সমানে সমানে টক্কর হয়েছে কংগ্রেস ও তৃণমূলের। এই পুরসভার ১২ আসনের মধ্যে কংগ্রেস ও তৃণমূল-উভয় দলই পাঁচটি করে ওয়ার্ডে জিতেছে। দুটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। ২ জন নির্দল প্রার্থী জয়ী হলেও ভোটের ফল ঘোষণার পরেই এক নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেন।। ফলে এই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল।
দার্জিলিং, তাহেরপুর, এগরা, বেলডাঙা ও চাঁপদানি এই পাঁচটি পুরসভা শুধুমাত্র দখল করতে ব্যর্থ হল তৃণমূল। নদিয়ার তাহেরপুর পুরসভা (সিপিএম-৮, তৃণমূল-৫) দখল করেছে সিপিএম । দার্জিলিং পুরসভা (হামরো-১৭, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা-৮, গোর্খা জনমুক্তি মোর্চা-৪, টাই-১ (হামরো ও তৃণমূলের)) দখল করেছে হামরো পার্টি। আর চাঁপদানি পুরসভা ( তৃণমূল ১১, নির্দল ১০, কংগ্রেস ১), এগরা পুরসভা ( তৃণমূল ৭, বিজেপি ৫, কংগ্রেস ১, নির্দল ১), বেলডাঙা পুরসভা ( তৃণমূল ৭, বিজেপি ৩, নির্দল ৪) ও ঝালদা পুরসভা (তৃণমূল-৬, কংগ্রেস-১, নির্দল-২ (ভোটে জেতার পরই একজন নির্দল তৃণমূলে যোগ দেন)) হয়েছে ত্রিশঙ্কু।
পুরসভা জয়ের নিরিখে খাতাই খুলতে পারেনি বিজেপি। অর্জুন সিংহের গড় ভাটপাড়া পুরসভা, দিলীপ ঘোষের গড় খড়গপুর পুরসভা, অধিকারী পরিবারের গড় কাঁথি পুরসভা, সুকান্ত মজুমদারের গড় বালুরঘাট পুরসভা তৃণমূলের দখলে গিয়েছে। অপরদিকে অধীর চৌধুরীর গড় বহরমপুর পুরসভাও তৃণমূলের দখলে।









