অবতক খবর :: ২৫ জুলাই :: ইসলামপুর :: চোপড়া কান্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে ফালাকাটা থেকে পুলিশ জেলা বিজেপির সম্পাদক সুবোধ সরকার ও চোপড়া থেকে সৌমেন ঘোষ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন ইসলামপুরের আদালতে পেশ করা হয়। আদালত সুবোধ সরকারকে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জেরে জেলা জুড়ে আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানিয়েছেন, “দিল্লিতে বিজেপির বৈঠক চলছে । সেখানে জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন। তারা সেখানে চোপড়ার বিষয়টি তুলবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত হবে কেন্দ্রীয়ভাবে। সেই মতই আমরা কর্মসূচি তৈরি করব।”
শনিবার তাদের চোপড়ার তিন নম্বর মন্ডল সভাপতি উৎপল দাসকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ তার। তিনি বলেন, “এরপরে আর পুলিশকে তেল খরচ করে আমাদের বাড়ি যেতে হবে না। আমরাই পুলিশের বাড়ি পৌঁছে যাব সকলে।” পুলিশ কোনভাবেই এক্ষেত্রে নিরপেক্ষভাবে তাদের ভূমিকা পালন করছে না। প্রতিদিনই বিজেপি নেতাদের গ্রেফতার করছে এবং তাদেরকে নানান রকম ভাবে উত্যক্ত করছে পুলিশ বলে অভিযোগ করেন তিনি।









