AABTAK KHABAR,12 MARCH,বসিরহাট: চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের মানুষজন।

অভিযোগ, বসিরহাট জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে সাধারণ রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। ডাক্তার ও নার্সদের কাছ থেকে সঠিকভাবে পরিষেবা না পাওয়ার প্রতিবাদেই গণডেপুটেশন দিতে রাস্তায় নামেন এলাকার মানুষ।

বৃহস্পতিবার বসিরহাট শহরের বোটঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ। ধামসা-মাদলের তালে তালে ঐতিহ্যবাহী পোশাকে মিছিল এগিয়ে যায় শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বসিরহাট জেলা হাসপাতালের দিকে। অনেকের হাতে দেখা যায় তীর-ধনুক ও ত্রিশূল, যা তাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক হিসেবেই মিছিলে বহন করা হয়।

মিছিলটি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে পৌঁছে হাসপাতালের সুপারের উদ্দেশ্যে গণডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, হাসপাতালে চিকিৎসা করাতে এসে বহু সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় ডাক্তারদের দেখা পাওয়া যায় না, আবার নার্সদের কাছ থেকেও সঠিক সহযোগিতা মেলে না বলে অভিযোগ তুলেছেন তারা। এর ফলে রোগী ও তাদের পরিবারের সদস্যদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আদিবাসী নেতা সুকুমার সরদার। তিনি বলেন, হাসপাতাল সাধারণ মানুষের জন্য হলেও বাস্তবে পরিষেবা পেতে গিয়ে মানুষকে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আদিবাসী ও তপশিলী সম্প্রদায়ের বহু মানুষ চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে আসেন। কিন্তু সেখানে সঠিক পরিষেবা না পেলে তাদের সমস্যায় পড়তে হয়।

তিনি আরও জানান, এই সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দ্রুত পরিষেবা ব্যবস্থার উন্নতির দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ ও গণডেপুটেশন ঘিরে হাসপাতাল চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিল পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গেছে।