অবতক খবর , নদীয়া :     আবারো গঙ্গা ভাঙন অব্যাহত, এবার গঙ্গাবক্ষে তলিয়ে গেল পাঁচ থেকে সাত বিঘা আম বাগান। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়।

সূত্রের খবর,নদীয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া এলাকায় গতকাল রাতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল প্রায় সাত বিঘা আমবাগান। এখনো ধীরে ধীরে অবিরাম ভেঙে চলেছে চাষের জমি। এই প্রথম নয় এর আগেও ওই এলাকায় বিঘা বিঘা চাষের জমি গঙ্গাবক্ষে তলিয়ে গেছে।

সাধারণ মানুষের অভিযোগ প্রয়োজনের তুলনায় সামান্য পরিমাণে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনিকভাবে। বড়োসড়ো কোন প্রকল্প রুপায়ন হচ্ছে না। কিছুটা দূরে কিছুদিন আগেই বাঁশের খাঁচা, বালির বস্তা ফেলে আটকানোর চেষ্টা করা হলেও তার খানিকটা দূরে পরপর তিন জায়গায় আবারো ভাঙতে শুরু করেছে।