অবতক খবর , শিলিগুড়ি :: শিলিগুড়ি শহরে কোভিড অ্যান্টিবডি বিক্রির ব্যাবসা সাউন্ড সিষ্টেমের দোকানে,ঘটনার তদন্তে নামল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
শনিবার শিলিগুড়ি টাইমসে এক স্টিং অপারেশনে দেখানো হয় ৩৭ নম্বর ওয়ার্ডে একটি সাউণ্ড সিস্টেমের দোকানের ব্যবসায়ী কোভিড টেস্ট কিট বলে অ্যান্টিবডি টেস্ট কিট বিক্রির চক্রে জড়িত। অর্ডার দিলে তিনি তা আনিয়ে দেবেন বলে জানান। ১০০ পিস কিট নিতে হলে ৮৫০০০ টাকা দিতে হবে বলে জানায় ওই ব্যবসায়ী। বলেন, সেই কিটে লালারস দিলেই পরীক্ষা হয়ে যাবে। সেই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে পুলিশ।
শনিবার রাত থেকেই ব্যবসায়ীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে আশিঘর ফাঁড়ির পুলিশ। যদিও ওই ব্যবসায়ী বাড়িতে নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়ার পর এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার দুপুরে কিছু এলাকাবাসীরা আশিঘর ফাঁড়িতে স্মারকলিপি দেওয়ার জন্যও যান। লোকনাথ সাহা নামে এক এলাকাবাসী বলেন, লকডাউনের সময় থেকেই এই ব্যাবসা চলে আসছে,আমরা প্রথমে বুঝতে পারি নি পরে যখন বুঝলাম ভয়ে কিছু বলতে চাই নি।









