অবতক খবর,১০ সেপ্টেম্বর: কাঁচরাপাড়ার দোকানপাট এখন থেকে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। বৃহস্পতিবারও দোকান খোলা থাকবে।
আজ ৬টি ব্যবসায়ী ইউনিটের সঙ্গে কাঁচরাপাড়া পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বিশেষ বৈঠক হয় কাঁচরাপাড়া পৌরসভা ভবনে।করোনা পরিস্থিতি বজায় থাকলেও যেহেতু এটি বাঙালির একটি শ্রেষ্ঠ উৎসব– দুর্গোৎসব সেটিকে মান্যতা দিয়ে মানুষ পুজোর জামা কাপড় যাতে কিনতে পারে, আনন্দ যাতে বজায় থাকে সেই সব বিষয় চিন্তা করে দোকান খোলার রাখার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমস্ত প্রকারের দোকান সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে এবং বৃহস্পতিবারেও প্রতিটি দোকান খোলা থাকবে। তবে প্রত্যেকটি দোকানকে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মান্যতা দিতে হবে। বড় দোকানগুলিতে একবারে ৫ জন করে ক্রেতা প্রবেশ করতে পারবেন। ছোট দোকান গুলিতে তিনজন করে ক্রেতা একবারে প্রবেশ করবেন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে এবং তাদের স্যানিটাইজেশনের দায়িত্ব অবশ্যই দোকান কর্তৃপক্ষকে নিতে হবে। এর জন্য একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে,যারা এর তদারকি করবেন।

যদি কোন দোকানের ক্ষেত্রে এই নিয়মভঙ্গের কোনো ব্যতিক্রম দেখা যায় এবং তারা যদি ১১টার পরেও দোকান খোলা রাখেন তবে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এটি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন পৌর প্রশাসক সুদামা রায়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ইও তাপস মন্ডল, স্বাস্থ্য আধিকারিক গৌতম সাহা, পুলিশ প্রশাসনের পক্ষে সমীরণ বাবু মন্ডল এবং প্রাক্তন পৌর প্রধান মাখন সিনহা ও বরিষ্ঠ কাউন্সিলর সুভাষ চক্রবর্তী।










