অবতক খবর,৩১ জুলাই: কাঁচরাপাড়া হকার্স কর্নার পরিচালিত ঝুলন যাত্রা এই উত্তর ২৪ পরগণা জেলায় সবচেয়ে ঐতিহ্যবাহী এবং প্রাচীন ঝুলন যাত্রা। এই ঝুলনযাত্রার এবছর ছিল ৬৯ বছর। করোনা কাল উপস্থিত,লকডাউন চলছে। সরকারি করোনা বিধি নিষেধকে মান্যতা দিয়ে ঝুলনমেলা কর্তৃপক্ষ সেই ধারাবাহিকতা বজায় রাখছেন। কিন্তু এই অনুষ্ঠানটিকে তারা অনাড়ম্বর করে দিয়েছেন। কেবলমাত্র মন্দির প্রাঙ্গণে আজ একাদশীতে রাধাকৃষ্ণকে স্থাপন করা হবে এবং সেই মতে পুজো মন্ত্রপাঠ হবে।

উল্লেখ্য সাতদিনব্যাপী যে মেলা চলত, তার যে একটা ব্যাপক আড়ম্বর আয়োজন থাকে সেটি থাকছে না। অর্থাৎ শত শত মানুষের যে রুজি-রোজগার জড়িত ছিল এই মেলার সঙ্গে,সেটি আজ বিপর্যয়ের মুখে। এই ঝুলন মেলাকে কেন্দ্র করে হকার্স কর্নার এবং লেলিন সরণির দুপাশ জুড়ে প্রায় পূর্বতন পৌরসভা অঞ্চল পর্যন্ত বিস্তৃত দোকানপাট, বিভিন্ন পসরা নিয়ে দোকানিরা বসতেন তাদের অর্থনৈতিক উপার্জন আজ ধ্বংসের মুখে। কাঁচরাপাড়ার এই মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে মানুষ আসতেন এবং দোকানিরা আসতেন। করোনা কাল তাদের আজ আনন্দ ও বেচাকেনাকে আর্থিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

এই হকার্স কর্নারের পরিচিতির মূলে রয়েছে এই ঝুলন মেলা, এবছর সেই মেলার আয়োজনটি মার খাওয়ায় ব্যবসায়ীরাও নিশ্চিত অর্থনৈতিক দিক থেকে মার খাবে ।