অবতক, ২০ জুলাইঃ কাঁচরাপাড়া অঞ্চলের যেসব ওয়ার্ডে করোনা সংক্রমণ দেখা দিয়েছে সেই ওয়ার্ডবাসীরা রীতিমতো উদ্বিগ্ন। ‌তারা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। ‌কারণ তারা বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে সমস্ত এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়েছে সেই অঞ্চলগুলিতে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ওয়ার্ড গুলিতে,এমনকি করোনা সংক্রমণ ছড়িয়েছে যেসব বাড়িতে সেসব বাড়িতে ঢুকে ঢুকে স্যানিটাইজেশন করা হচ্ছে। কিন্তু কাঁচরাপাড়ার ক্ষেত্রে এই ধরনের স্যানিটাইজেশনের প্রক্রিয়া দেখা যাচ্ছে না। ‌ফলে ওয়ার্ডবাসীরা ক্ষুব্ধ।

অন্যদিকে দোকানদাররা জানাচ্ছেন যে, তাদেরও ক্ষোভ রয়েছে। কারণ প্রশাসনিক বৈঠক প্রথমবারই তাদের বলা হয়েছিল যে, যখন দোকান খোলা হবে তখন দোকানগুলিকে স্যানিটাইজ করা হবে। কিন্তু দোকান খুলে গেছে, প্রশাসনের পক্ষ থেকে কোন দোকানেই স্যানিটাইজেশন করা হয়নি। এত বৈঠক আলোচনার পরেও কেন তা করা হলো না এইজন্য তারা ক্ষুব্ধ এবং এই ব্যাপারে প্রশাসন যাতে সদর্থক ভূমিকা নেয় সেই জন্য তারা আবেদন জানাচ্ছেন। ‌

এদিকে আজ পৌর প্রশাসক সুদামা রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান যে, এই বিষয়টি নজরে রয়েছে এবং ২০ জুলাই থেকে এই বিষয়ে তদারকি করা হবে এবং যে সমস্ত এলাকায় সংক্রমণ ছড়িয়েছে বা খবর পাওয়া যাচ্ছে সেইসব এলাকায় স্যানিটাইজেশন প্রক্রিয়া শুরু হবে। তিনি আরো জানান, ওয়ার্ডে ওয়ার্ডে এই সংক্রমণ রোধ করার জন্য এবং স্যানিটাইজেশনের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে। ওয়ার্ড ভিত্তিক এই প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।