কসাই হওয়া তো জীবনযাপনের পেশা,এর সঙ্গে জীবিকা জড়িত। কিন্তু ধর্মকে যারা পেশা করেছেন তারা তো মানুষ বিভেদের আফিম খেয়েছেন, তার ফলশ্রুতি দাঙ্গা, রক্তপাত….

কসাই / তমাল সাহা

মানুষকে
বলদ বলে মনে করে বলেন,
তুই একটা গরু।
নির্বোধ বলে মনে করে ডাকেন,
তুই একটা খাসি।

যাদের নামে গালি দেন
তাদেরই তো গিলে খান
এটা কোন বদমাইশি?

আমি কিন্তু দোআঁশলা নই,
আমি শুধুমাত্র কসাই।
আপনারা তো পণ্ডিতমশাই
মৌলবী আর গোঁসাই—
দুই ধর্মীয় জাতভাই।

আমি গরু-খাসি দুটোই কাটি।
আপনারা ধর্ম নিয়ে করেন
মাথা ফাটাফাটি!

আপনারা তো রক্তপাত ঘটান,
মানব বিদ্বেষী!
আমিও রক্তপাত ঘটাই
আমার তো জীবিকা, নিরুপায়!
আমি কিন্তু মানুষকে ভালোবাসি।