অবতক খবর,১ আগস্ট: কয়েকদিন আগে কাঁচরাপাড়া বড় জোনপুর অঞ্চল সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ম্যাটাডোর করে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ যাচ্ছিলেন। সেইসময় স্থানীয় কয়েকজন তাদের ম্যাটাডোর আটকে তাদের উত্যক্ত করে এবং তাদের কাছ থেকে তোলাবাজি করে বলে অভিযোগ যায় বীজপুর থানায়। সাথে সাথেই বীজপুর থানার আইসি কৃষেন্দু ঘোষ পুলিশ আধিকারিকদের সেখানে পাঠান। পুলিশ দেখে সেখান থেকে চম্পট দেয় ওই তোলাবাজরা। কিন্তু ধাওয়া করে ৪ জন থেকে অরুপ রায়(৩০) এবং রাজেন সরকার(৩১) এই দুই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ।পালিয়ে যান আর ২জন। জানা যায়,তাদের মধ্যে অরুপ রায় একজন বিজেপি যুব নেতা এবং অপর জন ডিওয়াইএফআই নেতা।

অন্যদিকে পুলিশ সূত্রের খবর অরুপ রায় হালিশহর বোলদেঘাটায় যে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর হয়েছিল তার সঙ্গে যুক্ত। অভিযোগ এই যুব নেতা ওইদিন বহিরাগত ছেলেদের নিয়ে গিয়ে বোলদেঘাটায় গন্ডগোলের সৃষ্টি করেছিল।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি পলাতকদেরও খোঁজ চলছে।









