এই দেশ, এই মাটি কার?
কে কেড়ে নেবে কার অধিকার?
তুমি আর থাকবে নিভৃতে
তুমি আর নামবে কবে রাস্তাতে?
হয়ে যাচ্ছে, খুব খুব দেরি!
এসো তাড়াতাড়ি, হাতে হাত ধরি।
কবরভূমি
তমাল সাহা
আমার দেশের স্বাধীনতা
হয়নি নাকি এখনও বুড়ি!
যদিও তার বয়স এখন
ছয় কম চার কুড়ি।
তার শরীরে নাকি
এখনো ভরা যৌবন বয়।
তার দেহের সমস্ত সম্পদ
যত ঐশ্বর্য কারিকুরি—
জল-জমি-জঙ্গল
খনি খাদান
পর্বত সারি সারি
সমস্ত দেয় বেচে।
ধর্ম দাঙ্গায়
ত্রিশূলে তরবারিতে
দেশ চরম উল্লাসে নাচে।
বিশ্বের মাথায় হাত,
ভারতবর্ষে দানাপানি নেই
তবুও কি করে মানুষ
আছে বেঁচে?
রাষ্ট্র খেয়ে যায় কই
মরা বিল সেচে।
এ এক আজব দেশ।
মানুষেরা নিশ্চিন্তে
ঘুমিয়ে আছে বেশ।
এদিকে কারা যেন
বন্দেমাতরম বলে চিল্লায়,
পতপত পতাকা ওঠায়
দিল্লির লাল কেল্লার মাথায়।
রাষ্ট্রীয় ভাষণে ওঠে মন কি বাত
আবার হবে আসছে বছর।
বছর বছর দেশের কবর।
জন্ম তো তোদের এই জননীর গর্ভে
কবে উঠবি ফুঁসে সন্তানের গর্বে?









