অবতক খবর , নদীয়া :     বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, বোমার আঘাতে ঘুমন্ত অবস্থায় গুরুতর আহত এক মহিলা। বোমাবাজির জেরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়।

সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনির বাসিন্দা গোবিন্দ দাস। গতকাল রাতে গোবিন্দদাসের পরিবার দুই শিশুকে নিয়ে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ একটি বোমার আওয়াজ শুনতে পাই গোবিন্দদাস। তিনি যখন বাইরে বেরিয়ে আসে তখন তার ঘরের জানালা লক্ষ্য করে আরো একটি বোমা মারে বলে অভিযোগ। বোমের আঘাতে জানালার কাচ ছুটে এসে লক্ষ্মী রানী দাস(৪৫) নামে ঘুমন্ত এক মহিলার শরীরে আঘাত করে। চিৎকার-চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে স্থানীয়রা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা গোবিন্দ দাসের বাড়ি বোমা মারার আগে পাশের আরেকটি বাড়িতে বোমা মারে । তবে কে বা কারা কী উদ্দেশ্যে বোমাবাজি করেছে সেই বিষয়ে স্থানীয়রা কিছু অনুমান করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘটোনা স্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।