অবতক খবর :: ২৪ জুলাই:: শিলিগুড়ি ::     অশোক ভট্টাচার্য্যকে বই পড়তে এবং গান শুনতে বললেন পর্যটনমন্ত্রী। গত একুশে জুলাই নিয়ে অশোক ভট্টাচার্যের করা মন্তব্যকে ঘিরে এই উত্তর দেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন “অশোক ভট্টাচার্য্য সবে সুস্থ হয়ে উঠছেন এখনই এত চাপ নেওয়া তার পক্ষে ঠিক হবে না। তিনি বিশ্রাম নিন। বই পড়ুন ,সিনেমা দেখুন এবং আড্ডা মারুন। এত তাড়াতাড়ি রাজনীতি নিয়ে চিন্তা করা তার উচিত নয়। এতে তার শারীরিক ক্ষতি হতে পারে। তার চাইতে বড় কথা হল উনি এখনো পুরোপুরি সুস্থ হননি।”

অশোক বাবুকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “রাজনীতি নিয়ে কথা বললেই উত্তেজনা বাড়ে। আর উনি সমালোচনা করতে শুরু করে দিয়েছেন সুস্থ না হয়েই। মুখ্যমন্ত্রী তো আজকে থেকে একুশে জুলাই করেন না,কাজেই সমালোচনা না করে উনি বিশ্রাম নিন আপাতত।” তাঁর আরও অভিযোগ যে, উনি হয়ত ভুলে গেছেন অসুস্থ থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীই প্রথম দায়িত্ব নিয়ে ওনাকে ভালো জায়গায় চিকিৎসার ব্যাবস্থা করে দিয়েছিলেন। আজ সুস্থ হয়ে উনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে শুরু করে দিয়েছেন এটা ঠিক না। তাই আপাতত তাঁর পরামর্শ, ” উনি বিশ্রাম নিন। তারপরে রাজনীতি করুন। একুশে জুলাই এর সাথে তৃণমূলের অনেক আবেগ জড়িয়ে আছে ওনার কোন অধিকার নেই সেটা নষ্ট করে দেবার।”

গৌতম দেব আরও জানালেন শিলিগুড়ির বর্তমানে প্রশাসক কাজের চাইতে কথা বেশী বলেন যেটা শিলিগুড়ির ক্ষতি করে দিচ্ছে।তাই তার অনুরোধ বর্তমান প্রশাসকের কাছে আপাতত বিশ্রাম নিন। এদিকে গতকালের রদবদল প্রসঙ্গে পর্যটনমন্ত্রী জানান, “এটা সম্পুর্ন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ভাল বুঝবেন কী করা উচিত কী নয়।”