ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ। বাংলা সাহিত্যের প্রথম শহিদ সোমেন চন্দের জন্মদিন আজ ২৪ মে।
প্রাকৃতিক বিপর্যয়ের উপর প্রথম উপন্যাস বন্যা-র লেখক তিনি, শ্রেণিসংগ্রাম কেন্দ্রিক গল্প ইঁদুর ও সাম্প্রদায়িকতা ভিত্তিক গল্প দাঙ্গা-র লেখক তিনি।
অন্যবৃত্ত
তমাল সাহা
কলম ধরবে হাতে
পাতার পর পাতা লিখবে সাহিত্য।
ময়দানে নামবে লেখক
মিছিলে হাঁটবে
এ কোন নয়া জ্যামিতিক বৃত্ত!
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই
কলম নিয়ে হাতে
শেষ পর্যন্ত নিহত ছুরিকাঘাতে।
বাংলা সাহিত্যে প্রথম শহিদ সেনানী।
নামটি তোমার, মুখস্থ আমার
বাইশ বছরের জীবন
লিখে গেল এক লড়াকু কাহিনি।
শ্রেণী সংগ্রাম নিপীড়িতের পক্ষে
লিখেছিলে তুমি
দেখেছিল বাংলার জন্মভূমি।
সেদিন মিছিলটি ছিল
দুর্বার দুর্দান্ত।
পেট ছিন্ন নাড়িভুঁড়ি বেরোনো
চোখ উপড়ানো
মাথাটি ফাটানো
ফালাফালা দেহটি তোমার
পড়েছিল রাস্তায় প্রবল পরাক্রান্ত।
নেই কোনো বিস্ময়
কেন এমনভাবে খুন হয়!
ফ্যাসিবাদ জানে
কলমই সবচেয়ে বড় অস্ত্র
কলমের কাছেই তার পরাজয়।









